নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:০৭:৩৯
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস
সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে ৮২ রানে হারায় পাঁচ উইকেট।
দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। পরপর দুই ওভারে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে এসে পাকিস্তানের আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফিরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
পরে আব্দুল সামাদ ও গাজী গৌরি চতুর্থ উইকেটে ৬৭ বলে ৫০ রানের জুটি গড়েন। তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬৭ রান। তবে দ্রুতই সেই জুটি ভেঙে দেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দলীয় শতরান পার করে স্বাগতিকরা। পরে দলীয় ১০৫ রানে সাইফ হাসান ৩৬ রান করে আউট হন শাহিন শাহ আফ্রিদির বলে।
অন্য প্রান্তে দারুণ ব্যাটিং চালিয়ে যান তানজিদ হাসান তামিম। তাকে সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি ২৭ রান করে আউট হন হারিস রউফর বলে।
এরপর লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ। ইনিংসের ৩৩তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ৯৮ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার।
শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আউট হন তানজিদ। পরে লিটন দাস ৫১ বলে ৪১ রান করেন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। তার ৪৪ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ।