নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:১৪:১৬
পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার
দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা এবং চাঁপাইনবাবগঞ্জ।
এর আগে গত ১ মার্চ এই পাঁচ জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার ডিসি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর পরিচালক (বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়-এর উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।