নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ১১:৩৯:৩৯
প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রত্যাশিত দেশ গড়তে সরকার সর্বাত্মকভাবে দিন-রাত কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছর দেশে তেমন উন্নয়ন হয়নি। তবে দেশের উন্নয়নের জন্য সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সোমবার দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নানাবাড়ির স্মৃতিচারণ করে এই অঞ্চলের উন্নয়নে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, শিগগিরই দেশের শিল্প কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে সারা দেশে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে আলোচনা হবে। দিনাজপুরে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি বলেন, সরকারের মেয়াদ এখনো এক মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা প্রদান এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। আগামী মাসে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দিনাজপুরসহ সারা দেশের পানির সমস্যার সমাধান হবে। কৃষি জমিতে সেচের জন্য পানির সংকট কমবে এবং ভূগর্ভস্থ পানির স্তর ওপরে উঠলে আর্সেনিক সমস্যাও কমে আসবে।
দিনাজপুর জেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দুলাল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম, দিনাজপুর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জমিয়তে ইসলামীর সভাপতি মতিউর রহমান কাশেমী এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম।