নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:২৪:১৪
ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সংঘাতের ১৬তম দিনে রোববার (১৫ মার্চ) হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করেছে।
পরে সৌদি কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পৃথক পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিন্স সুলতান এয়ার বেস এলাকায় নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
এছাড়া অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে, যেখানে বড় বড় তেল শোধনাগার অবস্থিত। কিছু ড্রোন রাজধানী রিয়াদ অঞ্চলেও ভূপাতিত করা হয়েছে।
ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর ওপর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নৈশকালীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দিনের বেলায় কিছুটা শান্ত থাকার পর সন্ধ্যার পরপরই নতুন করে হামলা চালানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।