নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ১১:৪২:৩১
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন
রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। জাতীয় ঈদগাহটি বাংলাদেশ সুপ্রিমকোর্ট-সংলগ্ন এলাকায় অবস্থিত।
তিনি জানান, সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর।
প্রশাসক জানান, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ ও পৃথক নামাজের ব্যবস্থা।
মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বৃষ্টি নিরোধক সামিয়ানা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।
আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ সকাল ৯টায়।
ঈদগাহে মুসল্লিদের জন্য অজু ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। প্যান্ডেলের ভেতরে প্রায় ১৪০ জন মুসল্লির একসঙ্গে অজু করার ব্যবস্থা রয়েছে। এছাড়া পর্যাপ্ত খাবার পানি, প্রাথমিক চিকিৎসা সেবা এবং ভ্রাম্যমাণ টয়লেটের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে ময়দানে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি ফটক রাখা হয়েছে। পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় থাকবে।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রধান জামাতে অংশ নেবেন।
তিনি বলেন, মুসল্লিদের নির্বিঘ্নে ও পবিত্রতার সঙ্গে নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ধারালো সরঞ্জাম বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য মুসল্লিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
এ সময় নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতর-এর আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঈদগাহে আয়োজিত প্রধান জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসক।