নার্সের তাণ্ডব
ইসমাইল খান নিয়াজ, সিলেট প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৬:৫৩
সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার তুচ্ছ কারণে গাইনি ওয়ার্ডের নার্স তানজিলা আক্তারের চরম ঔদ্ধত্য ও অশালীন আচরণের ঘটনা সব সীমা ছাড়িয়ে গেছে। এক নারীর সঙ্গে আসা এক যুবক তাকে 'আন্টি' বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে রণংদেহী মূর্তি ধারণ করেন ওই নার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, তিনি অত্যন্ত উগ্র ভঙ্গিতে হাতে কিছু একটা নিয়ে ওই যুবকের দিকে তেড়ে আসছেন। সাধারণ শিষ্টাচার ভুলে তিনি যুবক ও ভুক্তভোগী নারীর সঙ্গে উচ্চস্বরে তর্কবিতর্ক এবং অশালীন আচরণ শুরু করেন।
তর্কবিতর্কের এক পর্যায়ে নার্স তানজিলা আক্তার দম্ভোক্তি প্রকাশ করে উপস্থিত সবার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "আমার বিরুদ্ধে কী করতে পারেন করেন, আমি দেখি!" একজন দায়িত্বশীল নার্সের মুখে এমন মারমুখী ভাষা ও ঔদ্ধত্য দেখে উপস্থিত অন্যান্য রোগী ও তাদের স্বজনেরা হতভম্ব হয়ে পড়েন। হাসপাতালের মতো একটি স্পর্শকাতর জায়গায় এ ধরনের আচরণে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।