নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ রাত ০৮:৫০:২৮
গণপরিবহণে তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা সেতুমন্ত্রীর
জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহণে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তান এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহণে তেলের রেশনিং আর থাকছে না। শনিবার রাত থেকেই বাসগুলো প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত তেল পাবে।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে চলমান উত্তেজনার কারণে দেশে জ্বালানি সরবরাহে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে গত ৬ মার্চ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তেল সরবরাহে সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সেই নির্দেশনা অনুযায়ী—
একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছিল।
ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ ১০ লিটার তেলের সীমা ছিল।
এসইউভি ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল পাচ্ছিল।
পিকআপ ও লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারছিল।
দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন গণপরিবহণের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আর থাকছে না। তবে ব্যক্তিগত যানবাহনের জন্য আগের নির্দেশনায় এখনো কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।