নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:০৩:৩৪
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’ নামে বিশৃঙ্খলা বন্ধে নেওয়া পদক্ষেপের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়–এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া ইভটিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’ নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে সচেতনতা কার্যক্রমের অগ্রগতির তথ্য নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।
চিঠিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছক অনুযায়ী একত্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, ওই অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), না পারার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।