ত্রয়োদশ জাতীয় সংসদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৬:১৪
স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামালের শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার পর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাজধানীর জাতীয় সংসদ ভবন–এ রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে স্পিকার পদে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। সংসদে স্পিকার পদে একমাত্র মনোনয়ন পাওয়ার বিষয়টি ঘোষণা করেন অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।
পরে স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং প্রস্তাবটির সমর্থন জানান সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।
পরবর্তীতে ডেপুটি স্পিকার পদেও একক মনোনয়নে নির্বাচিত হন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার এবং সমর্থন জানান সংসদ সদস্য আশরাফউদ্দিন। কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে তিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।