নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ সকাল ১১:৫২:০৩
ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনেই তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
রাজধানীর জাতীয় সংসদ ভবন–এ অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য।
তিনি জানান, হাফিজ উদ্দিন আহমদ এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। পরে স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং প্রস্তাবটির সমর্থন জানান সংসদ সদস্য রকিবুল ইসলাম।
প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ সূচক ভোটে তা গৃহীত হয়। এর ফলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এদিকে ডেপুটি স্পিকার পদে কয়েকজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি।