নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৭:২৬
খাল পরিদর্শনে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
দীর্ঘ ১৭ বছর দেশে কার্যত নির্বাচিত সরকার ছিল না উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এই সময়ের জমে থাকা সমস্যাগুলো এখন পরিষ্কার করতে হচ্ছে বর্তমান সরকারকে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে আমাদের। দেশের খালগুলোতে যেভাবে বর্জ্য ও আবর্জনা জমে আছে, সেগুলো পরিষ্কার করা এবং অবৈধ দখলমুক্ত করা এখন জরুরি।”
তিনি জানান, সরকার সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে লক্ষ্মীপুরের তিনটি খাল পরিদর্শন করা হচ্ছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল খননের আগে সেগুলোকে অবৈধ দখল ও বর্জ্যমুক্ত করতে হবে। এতে স্থানীয় সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। তিনি দেশবাসীর প্রতি এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুরে গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং জলাবদ্ধতাসহ নানা সমস্যার সমাধান সম্ভব হবে।