মির্জা আব্বাস অসুস্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৪:২২
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়মিতভাবে জানানো হচ্ছে।
জাহিদ হোসেন আরও বলেন, মির্জা আব্বাসের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
জানা যায়, গত বুধবার (১১ মার্চ) অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ ও অধ্যাপক জাফর ইকবালসহ দেশের শীর্ষস্থানীয় নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।