নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:৩৮
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের ওয়াকআউট প্রসঙ্গে নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি হলেও সেখানে স্লোগান দেওয়া সংসদের রেওয়াজের বাইরে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকার জাতীয় স্মৃতিসৌধ–এ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, “সংসদে ওয়াকআউট একটি স্বাভাবিক বিষয়। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও এটি করেছি। তবে সংসদের ভেতরে স্লোগান দেওয়া ঠিক নয়, এটি সংসদের প্রচলিত নিয়মের বাইরে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে সংসদ সদস্যরা এ ধরনের আচরণের বাইরে গিয়ে কোনো অতিরিক্ত কিছু করবেন না—এমনটাই তিনি প্রত্যাশা করেন।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতিকে ঘিরে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সংসদের কার্যক্রম পরিচালনায় স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, “ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে, আমাদেরও ঠিক তেমন নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।”
স্পিকার আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটেছে। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শক্তি বা ‘মাফিয়া’ পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।