ইরান-ইসরাইল যুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:১৪
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং লেবাননের শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহকে হামলার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু বলেন, টানা দুই সপ্তাহের মার্কিন-ইসরাইলি বিমান হামলার পর ইরানের সামরিক সক্ষমতা আগের মতো নেই। তার দাবি, তেহরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোতে বড় ধরনের আঘাত পেয়েছে।
তিনি বলেন, ইরানের প্রভাবশালী বাহিনী ইরান রেভল্যুশনারি গার্ডস কর্পস এবং বাসিজ প্যারামিলিটারী বাহিনীও এই হামলায় উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে লেবাননের সংগঠন হিজবুল্লাহ যেসব পদক্ষেপ নিচ্ছে, তার জবাবে তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য ‘জীবনবীমা’ ঘোষণা করব না।” তবে ইসরাইল ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নেতানিয়াহুর দাবি, সাম্প্রতিক হামলার পর ইরান এবং হিজবুল্লাহ আগের মতো শক্তিশালী হুমকি হিসেবে আর নেই। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।